সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

নিজের কবিতা লেখেন শাহনাজ সিঁথি

কবিতা বাংলা ডেস্ক / ৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন

| মাহমুদ নোমান |

কবিতা লেখা ও পড়া বাদ দিলে পৃথিবী থেকে, অধিকাংশ মানুষ আত্মহত্যা করতো কিংবা খুনাখুনিই একমাত্র যোগাযোগ হিসেবে বিবেচিত হতো; এমনকি ভালোবাসা ব্যাপারটাই থাকতো না। সম্পর্ক ঘটতো না। কারও কবিতা হওয়া কিংবা না-হওয়া সেই বিশ্লেষণে আমি যাই না, কেননা আমিও যে কবিতা’কে লিখতে চাওয়া একজন; ব্যাপারটাই যে ভেতরকার কেউ লিখিয়ে নেয়… কারও কবিতা পড়তে গিয়ে আমি বুঝতে চাই তিনি কতটুকু নিবেদিত, এরপরে দেখি নিবেদনের ধরন, আলাদা বিশেষত্ব এবং অনুশীলনের কতটুকু জাহির করতে পারে। সবকথার শেষ মনে করি আরোপিত বিষয়-আশয় ভালো লাগে না। জোরপূর্বক নয় যেন কবিতা। উপর্যুক্ত ভাবনা এলো সম্প্রতি শাহনাজ সিঁথির কবিতা পাঠ করে। এই কবির প্রথম কবিতার বই ‘ মনোকৈতব’… এই যেন সদ্য বিবাহিতা রমণীর কাঁচা হলুদের ঘ্রাণে মেহেদির সুগন্ধি ; এই যেন নিয়ে চলে সৌন্দর্যের বিস্তারিত আলাপের কাছে; এই যেন জ্বলে ওঠা একটা দেশলাইকাঠির বারুদের নিজস্ব গন্ধ ; ২০২৩ সালে প্রকাশিত শাহনাজ সিঁথির ‘ মনোকৈতব’ বইটি কবির প্রথম কবিতার বই। দীর্ঘদিন যাবত যাপিত বাস্তবতার মধ্যে কবিতা চর্চার অনেক সময়কাল পেরিয়ে পরিণত বয়সে এসে প্রকাশ। কাঁচা হলুদের কথা বলেছি বলেই কবিতা কাঁচা ভাববার জো নেই ; কাঁচা হলুদের যেই আকুলতা উদযাপন নির্ভেজাল আকুতিভরা স্পন্দন সেটিই শাহনাজ সিঁথি মাঠে পারফর্ম করেছেন। ভাষার টান প্রীতির সম্মিলন সম্পর্ক সহজেই আকৃষ্ট করে; কোনো টানাহেঁচড়ার আচার-আচরণ নেই। স্মার্ট শব্দগুচ্ছে নান্দনিক রিদ্মিক দোলন শাহনাজ সিঁথির কবিতা –

ক.

কোনো এক সোনালি ভোর! আলো ফুটতেই,
তার অস্তিত্বের আভাস জঠরে আমার।
অজান্তেই, আলতো হাতে মাখি আদর;
আনন্দ ও শঙ্কা চলতে থাকে সমান্তরাল।

আমার পিটুইটারি গ্রন্থির বোহেমিয়ান চালচলন,
হাল না-পাওয়া চিকিৎসা, বখে যাওয়া সংসার,
সব একসাথে বাজায় সাইরেন- যেন তৃতীয় বিশ্বযুদ্ধ!
আমাকে বিচ্ছিন্ন করা হয় আমার থেকে। সংবিৎ ফিরতেই,
টেরনপাই অশ্রুর নিরবতা;

কষ্ট; ৯ পৃ.)
কিছুতেই খুঁজে পাচ্ছি না নিজেকে!

ক্রোমোজোম, জিন, ডিএনএ – ঠিক কোথায় আছি!
নারী কিংবা পুরুষ- কী হয়ে জন্মালে ভালো হয়,
জানতে চাওয়া হয়নি। পূর্বপুরুষের ভিটায়, কিংবা
তোমাদের সাগর- পাহাড়ের নগরী– কোথায় আমি?
ঊনবিংশ-বিংশ- একবিংশ কোনো শতাব্দীতেই পুরোদস্তুর নেই।

স্থান-কাল-পাত্র নির্বাচন
এ সিদ্ধান্তও আমার নয়, ছিলও না
এদিকে আমার স্বপ্ন ও ইচ্ছেগুলো
অনেক ‘কিন্তু, যদি, সেহেতু’ শব্দমালায় গাঁথা–
সেখানেও খুঁজেছি অনেক!

হারানো বিজ্ঞপ্তি;১০ পৃ.)
০২.
কবিদের প্রথম কবিতার বই নিয়ে আমার আলাদা টান আছে। প্রথম কবিতার বইয়ে বোধ ও বিশ্বাসে ফাঁকিবাজি থাকে না। শাহনাজ সিঁথি এর ‘মনোকৈতব’ কবিতার বইটি তেমন; শব্দগুচ্ছের সরল গাঁথুনিতে সহজ স্বীকারোক্তি আর ভাষার অন্তঃস্থ টিউন একদম মেদহীন। টানটান উত্তেজনার আভাস ছড়িয়ে দেয়। হতাশা মোড়ানো কিংবা বলতে পারি- ভাবনার বিবিধ জিজ্ঞাসা থাকে শাহনাজ সিঁথির কবিতায়। জীবনের নানান অসঙ্গতি টানাপোড়েন দেখাতে নিয়ে যেতে পারে। শাহনাজ সিঁথির কবিতা টিকবে কীনা কালের ছলনায়,সেটি বলতে চাচ্ছি না; অতটুকু বলি- একজন কবি শাহনাজ সিঁথি, যিনি নিজের ভেতরকার আর্তি জানিয়ে দিতে পেরেছেন উনার কবিতায়; আপাতত এতটুকু উপভোগ করতে পারি….

আপনার মন্তব্য প্রদান করুন...