সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

এই শহরের বর্ষা : রহীম শাহ

কবিতা বাংলা ডেস্ক / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

জষ্ঠ্যি যেতে না যেতে ফের ঢাকায় এলো বর্ষা
কাল সারারাত বৃষ্টি ছিল সকাল হতে হতে;
আকাশটা কেউ ধুলো যেন চারদিকে সব ফর্সা
তবু সবাই বন্দি ঘরে, কোমরপানি পথে।

নাকটা তুলে পুরো শহর তলিয়ে গেছে জলে
মাগুরমাছের দল ছুটছে মালিবাগের মোড়ে;
বাস-মিনিবাস হারিয়ে গেছে নোংরা জলের তলে
অফিসমুখো লোকের মাথা চরকি হয়ে ঘোরে।

তুরাগ-বুড়িগঙ্গা হলো অনেক বড়ো, কাজেই
নৌকাগুলো ছুটতে থাকে উজান-ভাটার স্রোতে
ব্যবসাপাতি, অফিস-টফিস চলবে এরই মাঝেই
মানুষগুলো আটকে আছে খিলগাঁ-বাসাবোতে।

নৌকা ছোটে, নৌকা ছোটেÑ দিলখুশা-পল্টন,
সাফ-সুতরো হয়ে গেল নর্দমা-ডাস্টবিন,
বৃষ্টিজলে ময়লা ভাসে লক্ষ-কোটি টন,
ঘরবাড়িতেই পাওয়া যাবে এগুলো পরদিন।

মাত্র দুদিন বৃষ্টি হলেই যায় তলিয়ে ঢাকা
দিক থেকে ওই দিগন্তরে জল থইথই করে
মার্কেট আর দোকাপাটও এক্কেবারে ফাঁকা
ঢাকা আবার ঢাকা হবে আর কটা দিন পরে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...