শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সম্পাদকীয়

কবিতা বাংলা ডেস্ক / ২১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

ডিজিটাল সময়ে সাহিত্যচর্চার পরিসর যেমন বিস্তৃত হয়েছে, তেমনি প্রয়োজন বেড়েছে দায়িত্বশীল, রুচিশীল ও মানসম্মত সাহিত্যভিত্তিক প্ল্যাটফর্মের। এই প্রেক্ষাপটে সম্প্রতি যাত্রা শুরু করেছে নতুন ওয়েব পোর্টাল কবিতা বাংলা—যা সমকালীন বাংলা কবিতার পাশাপাশি চিরায়ত সাহিত্য, শিশুতোষ কবিতা, অনুবাদ কবিতা ও ছড়ার জন্য একটি উন্মুক্ত ও বিশ্বাসযোগ্য আশ্রয় হয়ে উঠতে চায়।

কবিতা বাংলা শুধু কবিতা প্রকাশেই সীমাবদ্ধ নয়। এখানে নিয়মিত প্রকাশিত হচ্ছে প্রবন্ধ, কবিতা সংবাদ, কবির স্মৃতিকথা, সাক্ষাৎকার, মুক্তমত এবং নতুন প্রকাশিত বইয়ের খবর ও আলোচনা। ফলে এই পোর্টালটি ধীরে ধীরে একটি পূর্ণাঙ্গ সাহিত্যভিত্তিক ডিজিটাল নথিভান্ডার হিসেবে গড়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছে—যেখানে পাঠক যেমন পাবেন ভাবনার খোরাক, তেমনি লেখকরাও পাবেন তাঁদের সৃষ্টিশীল কাজ প্রকাশের সম্মানজনক সুযোগ।

এই উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা। কবিতা বাংলার প্রতিষ্ঠাতা সম্পাদক জাতিসত্তার কবি ও বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা—যাঁর সাহিত্যদৃষ্টি ও সাংস্কৃতিক দায়বদ্ধতা এই পোর্টালের ভিত্তিকে শক্ত করেছে। প্রকাশক ও সম্পাদক হিসেবে আছেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক রহীম শাহ, আর নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন কবি কাজী আনিসুল হক। তাঁদের অভিজ্ঞতা, সাহিত্যবোধ ও সততার সমন্বয়ে কবিতা বাংলা একটি মানসম্মত সাহিত্য প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করেছে।

সবচেয়ে আশাব্যঞ্জক বিষয় হলো—কবিতা বাংলা যেকোনো লেখকের মানসম্পন্ন লেখাকে স্বাগত জানায়। নবীন ও প্রবীণ, পরিচিত ও অপরিচিত—সবার জন্যই এখানে রয়েছে প্রকাশের সুযোগ, শর্ত একটাই : লেখার গুণমান ও দায়বদ্ধতা।

বাংলা কবিতা ও সাহিত্যের ধারাবাহিক বিকাশে কবিতা বাংলা একটি গুরুত্বপূর্ণ সংযোজন হয়ে উঠবে—এই প্রত্যাশা আমাদের। সৃজনশীলতা, মনন ও মুক্তচিন্তার মিলনস্থল হিসেবে কবিতা বাংলা তার যাত্রা অব্যাহত রাখতে বদ্ধপরিকর।

আপনার মন্তব্য প্রদান করুন...