বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
ধ্যান থেকে জ্ঞান আর জ্ঞান থেকে ধ্যান,
ধ্যানে জ্ঞানে অভিজ্ঞান মনু উপাখ্যান।
২
জননী প্রথম ধ্বনি স্বরের প্রস্বর,
এভাবেই মনে মনে কথা কলস্বর।
৩
শুনে শুনে শেখা আর বুনে বুনে জানা,
বলে বলে মন তার মেলে দুই ডানা।
৪
ধরে ধরে পাঠ আর পড়ে পড়ে ধ্যান,
লিখে লিখে শিখে শিখে জানার উদ্যান।
৫
ঘরে ঘরে চরাচরে জ্ঞান বেড়ে যায়
কাছে দূরে চিঠি যায় পাখির ডানায়।
৬
আদিতে তো গুরুগৃহ, শিষ্যরা অধীর;
অনন্তর মহাবিশ্ব, জ্ঞানের কুটির।
৭
স্বশিক্ষা আসল শিক্ষা আপনা বরণ,
শিক্ষাদীক্ষা মান্যবীক্ষা, গুরুর চরণ।
৮
শুনে শুনে পড়ে পড়ে যাও লিখে লিখে,
বলতে বলতে পাঠ যাবে তুমি শিখে।
৯
যে ভাষায় শেখো তুমি সে তো মাতৃভাষা,
ভাষায় ভাষায় আছে ভাষা ভালোবাসা।
১০
এক ভাষা রপ্ত করে অন্য ভাষা নাও,
বন্দরে বন্দরে ধ্বনি-তরণী ভাসাও।
১১
সব জ্ঞান শিক্ষণীয়, জ্ঞান প্রায়োগিক
জ্ঞানে শুদ্ধ জ্ঞানে বুদ্ধ জ্ঞান মানবিক।
আপনার মন্তব্য প্রদান করুন...