শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন

দ্রোহ ফিরে আসে : ফরিদ আহমদ দুলাল

কবিতা বাংলা ডেস্ক / ২০০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Idea, thinking out of the box, creativity and design background, banner, poster. Geometrical style vector design with light bulb, brain, pencil. Colorful concept illustration

ঘুমাতে চাই না আর কখনো এখন কোনদিন
ঘুমালেই হাঙরের ক্ষুধার্ত হা-মুখ বলে, আছি কর্মহীন;
ঘুমের ভিতরে মৃত্যু আমায় তাড়িয়ে নিয়ে যায়
যেন বিভীষিকাময় অচেনা মৃত্যুউপত্যকায়
সেখানে অসংখ্য পাথরের খণ্ড ধাবমান
এবং সমুদ্রে শত বিচিত্র সাম্পান ভাসমান;
ঘুমালেই কানাঅলা ধরে নিয়ে কোথায়-কোথায়
ঘুমে নির্লিপ্ততায় পূর্বপুরুষ নূরলদীন-টিপু পাগলা ডেকে যায়!
বীর নূরলদীন ডাকে: জাগো বাহে কুনঠে সবাই!
দ্রোহী টিপু পাগলা কয়: খোদার জমিন খাজনা নাই!
বিপ্লবী নূরলদীন-টিপুর কথা এলে স্মরণে লজ্জায় মরে যাই!
সার্ধশতবর্ষ আগে পূর্বপুরুষেরা যদি ডাক দিতে পায়
আমি কেন আজ বসে ব্রহ্মপুত্র তীরে অসহায়!
যখন ডুবেছে সারাদেশ অন্ধ আলখেল্লায়
লক্ষ কোটি টাকা তহবিল যখন তসরুপ হয়ে যায়
যখন আমার রক্ত হায়নার দল শুষে খায়
রক্তচোষা কালো বাদুড়ে যখন দেশ ছেয়ে যায়
ত্রিশ লক্ষ বাঙালির রক্ত যখন নিঃশব্দে কেঁদে যায়
লক্ষ বীরমাতা মুখ ঢেকে কাঁদে নিভৃতে লজ্জায়
আর কত বল এমন নিঃশ্চুপ বসে থাকা যায়!
কান পেতে শোন পুনর্বার কী নূরলদীন-টিপু ডাক দিয়ে যায়
খোদার জমিন খাজনা নাই! জাগো বাহে কুনঠে সবাই!

আপনার মন্তব্য প্রদান করুন...