শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

মাঠ মানে ছুট

কবিতা বাংলা ডেস্ক / ২২৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

কার্তিক ঘোষ

 

মাঠ মানে কি মজাই শুধু মাঠ মানে কি ছুটি….

মাঠ মানে কি অথৈ খুশির অগাধ লুটোপুটি!

মাঠ মানে কি হল্লা শুধুই মাঠ মানে কি হাসি….

মাঠ মানে কি ঘুম তাড়ানো মন হারানো বাঁশি!

মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন,

মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাধিন ধিন!

মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দীপ–

মাঠ মানে ছুট এগিয়ে যাবার–পিপির পিপির পিপ।

 

ছুট মানে কি ছোটাই শুধু ছুট মানে কি আশা…

ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোন ভাষা।

ছুট মানে কি সাহস শুধু ছুট মানে কি বাঁচা,

ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা!

ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে…

সাতটি সবুজ সমুদ্দুরের ঢেউকে ডেকে আনে!

ছুট মানে তো জীবন এবং ছুট মানে যে সোনা…

ছুট মানে কি ছুটেই দেখ–আর কিছু বলব না।

আপনার মন্তব্য প্রদান করুন...