শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন

শেয়ালের চালাকি : পতিপ্রসন্ন ঘোষ

কবিতা বাংলা ডেস্ক / ৪৮৮ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ জানুয়ারী ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
শেয়ালের চালাকি : পতিপ্রসন্ন ঘোষ

পতিপ্রসন্ন ঘোষ
শেয়ালের চালাকি

’আমড়া গাছের ঝোঁপের ভিতর মৌমাছিদের বাসা,
মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা।
তাই না দেখে ধূর্ত শেয়াল মধু খাওয়ার তরে,
সেই পথেতেই সকাল বিকাল আনাগোনা করে।
রাত্রিকালে মৌমাছি সব ঘুমায়, আছে জানা,
একদিন তাই রাত্রে শেয়াল মৌচাকে দেয় হানা।
যেমনি পড়া মৌমাছি সব বেজায় রকম তেড়ে,
উঠল বলে, ‘রাত দুপুরে ঘরের ভেতর কে রে?
চুরি করে মধু খাওয়ার ফলটা দেখাই তবে’–
এই না বলে চোর বেচারার পড়লো ঘাড়ে সবে।
হুলের জ্বালায় ঝালাপালা প্রাণটা রাখা ভার,
কাতর হয়ে বল্লে শেয়াল, ‘ছাড় না রে ভাই ছাড়।
পথ ভুলে ভাই এসেছিলেম আমড়া গাছের কাছে,
তাই না হলে হেথায় আসে এমন গাধাও আছে!
মৌচাকটা মিষ্টি বটে মৌমাছি তা নয়
হুলের জ্বালা বলবো কী আর তিক্ত অতিশয়।
ডাইনী বুড়ির হাজার ছেলে চাকটা ঘিরে আছে;
যাব না ভাই, আর যাবো না আমড়া গাছের কাছে।’


 

আপনার মন্তব্য প্রদান করুন...