কতটা আর কি রকম ভালোবাসি জানো তো?
তোমার প্রতিটি নিঃশ্বাসের বিশুদ্ধ বাতাসের ফুরফুরে অনুভবে
তোমার চলার পথের প্রতিটি ধূলিকণার শীতল ছোঁয়ায়।
তোমাকে পেতে আমায় কোনো পিছুটান বাঁধে না
তোমার স্পর্শের তুমুল সুখের আলোড়নে আমি স্তব্ধ হয়ে যাই
আমি তোমার বুকের ওমে একজীবন তৃষ্ণাবিহীন কাটিয়ে দিতে পারি নির্দ্বিধায়।
জানি কারণে অকারণে আমাদের মান অভিমান হয়
আমি কিন্তু তা ভীষণ উপভোগ করি তোমার অনুরাগে।
আমি জানি তো, তুমি পৃথিবীর সবার সাথে রাগ করে থাকতে পারো
অভিমান করে কথা না বলে কাটিয়ে দিতে পারো একটা জীবন
কিন্তু আমাকে ছাপিয়ে তোমার কোনো কল্পনাও নেই
যা তোমাকে এমন সাহস দিবে আমাকে ভুলিয়ে রাখার
তুমি আমার আনন্দ বিষাদের নিরব মায়ায় বাঁধা।
ধরো যদি এমন হয় যে তোমাকে ছাড়তে হবে
পৃথিবীর মায়া ছেড়ে আমাকে চলে যেতে হবে চিরতরে
সেই বেলাতেও আমি তোমার মুখটা ভেবে হাসতে হাসতে চলে যাবো।
আমি জানি, রাগ করে মানুষ কতো কথাই বলে
কতো সম্পর্ক নিমিষেই বিমর্ষ করে তোলে কিংবা ভেঙে দেয়
কিন্তু সত্যিই কি প্রকৃত ভালোবাসা কখনো হারায়!
ভুলে যাওয়া যায় বুকের ভেতর পোষা পাখিটিকে?
আমি তোমাকে ভালোবাসি পাখি- ঘন, নিবিড় এক অদৃশ্য মায়ায়।
আপনার মন্তব্য প্রদান করুন...