শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শব্দটি এমন নয় যা-নিয়ে দাম-দস্তর চলে
তথাপি ধর্মান্ধ শব্দটিকে বলাৎকার করে চলে;
স্বাধীনতা শব্দে অনীহা যাদের তারা শৃঙ্খলিত
তারা জন্মান্ধ-বধির-মুক প্রকাশ্যে পদদলিত
স্বাধীনতায় যাদের আস্থা নেই তারা কাপুরুষ
প্রবঞ্চক-প্রতারক তারা স্থুল নীতিতে বেহুঁশ;
চোখে আশা বুকে থাকে না স্বপ্নের লেশ
ক্রীতদাস তারা থাকে না তাদের নিজস্ব স্বদেশ।
গোলামীতে নিত্য অভ্যস্ততা করুণায় বাঁচে প্রাণ
বোঝেনি মুক্তির মহাজাগতিক স্বতঃস্ফূর্ত দান।
প্রকৃতির উৎসারণ থেকে যারা শেখেনি মনন
তাদের আত্মায় হবে না প্রজ্ঞা-বোধের উদ্বোধন
পাখি ফুল-লতা-গুল্ম-বৃক্ষ প্রবাহিত নদ-নদী
পাহাড়ি ঝর্ণার স্বচ্ছ জল প্রবাহ না হতো যদি
কোন অভিধান পেতো না স্বাধীন শব্দের সন্ধান
শব্দটি হতো না আকাশের নীলে উদার-অম্লান।
স্বাধীনতা স্বনির্ভর হতে বলে শিখা অনির্বাণ
অন্ধতা সাম্যের প্রতিপক্ষ উচ্চারণ করে মূর্খের বয়ান
বিকৃতি স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে অন্ধতায়
কূপমণ্ডুকতা মুক্তির বিপক্ষে দামামা বাজায়।
স্বাধীনতা-প্রগতি অভিন্ন নামের সমার্থ রূপ
সত্যের সম্মুখে হঠকারী মিথ্যা যেমন নিশ্চুপ!
প্রগতি-ন্যায়ের পক্ষে যারা হও স্বাধীনতা-ব্রতী
জন কল্যাণে জ্বালাও চেতনায় ত্যাগের প্রণতি।
আপনার মন্তব্য প্রদান করুন...