সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

উলঙ্গ রাজা : রহীম শাহ

কবিতা বাংলা ডেস্ক / ৮০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন

উলঙ্গ এক রাজা এলেন হঠাৎ করে মাঠে
কাছে পেয়ে মন্ত্রী-দালাল রাজার দু’পা চাটে।
দাঁড়িয়ে থাকা মানুষগুলো অবাক হয়ে ভাবে
নেংটো হয়ে রাজামশাই আর কতদূর যাবে।

কেউবা ভাবে কীসের পাপে চান পেতে চান সাজা
সকল কিছু ছেড়েছুড়ে উলঙ্গ হন রাজা।
উলঙ্গ সেই রাজা তবে অন্য কিছু ভাবে
এতগুলো মন্ত্রী-দালাল আর কোথা সে পাবে?

রাজা কিন্তু উলঙ্গ তা-ও বুঝতে কিছু চান না
নাকি রাজা খেয়ালি রাজা দেখতে কিছু পান না।
ডানে-বামে রাজা চলেন– মন্ত্রী-দালাল থাকে
আশেপাশের প্রজা সকল লজ্জাতে মুখ ঢাকে।

রাজাবাবু ভীষণ খুশি ফুরফুরে তরতাজা
বাচ্চাগুলোর হাসি দেখে হাসতে থাকে রাজা।
রাজার দুচোখ আকাশমুখী দেখেন না তো নিচে,
ওদের লজ্জার কীইবা আছে ছুটছে রাজার পিছে।

একটি শিশুর চিচিৎকারে কেঁপে ওঠে ভূমি
রাজা তুমি রাজাই যদি লেংটা কেন তুমি।

(হান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের গল্প অবলম্বনে)

আপনার মন্তব্য প্রদান করুন...