সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন

রক্তে কেনা মাটি।। আসাদ মান্নান

কবিতা বাংলা ডেস্ক / ২৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

গাছগুলো পাতাহীন শূন্যতায় নিঃশব্দে দাঁড়িয়ে
বিরহের হাত ধরে বিধবার গাউন পরেছে;
চারিদিকে আগুনের কৃষ্ণচূড়া গ্রীষ্মের খোঁপায়;
বাতাসে নিঃশ্বাস ফেলে মৃত্যুবাহী অলীক ড্রাগন;
পড়ন্ত গোধূলি মুখে মাতৃহীন এক অন্ধ কবি
গায় গান রাখালিয়া শৈশবের চরের বাতানে;
গরুগুলো হাম্বা রবে সমুদ্রের কোলাহল চাটে:
সবুজ নদীর পাড়ে ডিম পাড়ে মার্কিন কুমির।

একে একে ফিরে যাচ্ছে জননীর প্রিয় সন্তানেরা!
মৌনতার তাঁত কলে তৈরি হচ্ছে মৃতের পোশাক —
ভূপতিত বীরবাহু চিরঘুমে শায়িত লঙ্কায়;
হাজার বেহুলা নাচে নগ্ন রূপে অলকাপুরীতে;
জনম দুঃখিনী এ বাংলার নির্বোধেরা কী আনন্দে
মার্কিন দাসত্ব দামে বিক্রি করে রক্তে কেনা মাটি!

আপনার মন্তব্য প্রদান করুন...