বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন

অদৃশ্য অনন্তময় : মুহম্মদ নূরুল হুদা 

কবিতা বাংলা ডেস্ক / ৮৭ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

অঙ্গে অঙ্গে অদৃশ্য অনন্তময় অহিংস অহং
সবভাষ্য সর্বরূপে রূপান্তরে সহাস্য স্বয়ং
ক্ষুদ্রতম নিজে যদি বিস্ফোরণে নিজে বৃহত্তম
আয়ুবায়ু থেমে গেলে হলাহল পানে শেষ দম
ফারাও দেখে না কিছু পিরামিড দেখে দেখে হাসো
আলোর আঁধার আর আঁধারের আলো ভালোবাসো
একবার পাড়ি দিয়ে বারবার পাড়ি দিতে চাও
শতাব্দী পেরিয়ে কতো শতাব্দীর প্রশ্বাস জাগাও
তুমি যে বৃহৎ কতো ভাবোনি হে তুমি ক্ষুদ্রতম
ঘর চর পাড়ি দিয়ে চরাচরে প্রাণ সমাগম
এক ফুঁয়ে অগ্নি তুমি নীলিমা ও দরিয়াসাঁতার
একবার মুখ খুলে মুহূর্তেই শূন্যপারাপার
মুহূর্ত-সংবাদ নেই মহাকালে রানার পাঠাও
জানো না নিজেই তুমি পরজীবী কখন বানাও
হুঙ্কারে হুঙ্কারে তুমি যে বাঙ্কারে ত্রিভুবন ধরো
ধূলির ভিতরে ধূলি মুহূর্তেই তাকে আলো করো
তুমি তো তোমাতে সুখী মুখোমুখি কেবল তোমার
মুহূর্তে নিজেকে গড়ে নিজেকেই করো ছারখার
তুমি তো জানো না নিজে প্রদর্শিত গুপ্ত অহঙ্কারে
সাজাও আপন সুখ সব কিছু আত্মঅলঙ্কারে
জানো না মানো না তুমি নিজে হেতু নিজ অহঙ্কার
মুহূর্তের কক্ষপথে পথ নেই দ্রুত পালাবার
খুঁজে দেখো পথে পথে কক্ষপথ পথে পথে রথ
পথের পথিক তুমি ধ্বংস-সৃষ্টি গতির দ্বৈরথ
আয় ছায়ামায়া আঁকি প্রাণের ভিতরে রাখি প্রাণের সুঘ্রাণ
নিজের ভিতরে আমি নিজের ভিতরে তুমি
প্রাণের ভিতরে প্রাণ সর্বপরিত্রাণ

আপনার মন্তব্য প্রদান করুন...