একদিন বুদ্ধদেব দাশগুপ্তের বাঘ বাহাদুর মুভিটা দেখতে
পাবলিক লাইব্রেরিতে এলেন বাংলা ভাষার প্রধানতম কবি
আজকাল ক্ষীণ দৃষ্টির জন্য দেখতে খুব অসুবিধা হয় তাঁর
একেবারে সামনেই বসলেন কবি শামসুর রাহমান।
একজন তরুণ কুশল জিজ্ঞাসা করে একটি পত্রিকা
ধরিয়ে দিলেন তার হাতে নাম ‘ছাট কাগজের মলাট’
অডিটরিয়ামের উজ্জ্বল আলো- তাও দেখতে কষ্ট হচ্ছে তার
পাতায় পাতায় তরুণ কবিদের শানিত উজ্জ্বল সব নাম
সম্পাদক রিফাত চৌধুরীকে চেনেন শামসুর রাহমান
নতুন লেখকদের লেখা পড়তে ইচ্ছা হয় না কার?
ছেলে বেলায় বৃন্দাবন ধর এন্ড সন্স থেকে
কোলকাতার লোভনীয় যেসব বই কিনতেন তিনি,
নজরুলের অগ্নিবীণা থাকতো আর থাকতো রবীন্দ্রনাথ
কিন্তু লিটল ম্যাগাজিন নামে কোনো পত্রিকার
অস্তিত্ব পূর্ববঙ্গে আদৌ ছিল না সে সময়।
আজকাল তন্বী মেয়েদের সঙ্গে যেরকম ভাব ভালোবাসা হয়,
সেবিকা মেয়েটির জন্যও যে রকম প্রেম জেগে ওঠে-
এ সব ক্ষীণ পত্রিকা দেখলেও ভীষণ লোভ হয় পড়বার।
ছোট কাগজের মতো জীবনও তো খুব সংক্ষিপ্ত
আর কি দুই ফর্মার এরকম লিটলম্যাগাজিন পড়া হবে তার?
আপনার মন্তব্য প্রদান করুন...