শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

বিমল গুহ : কবিত্বশক্তিই যাঁর মূলধন

কবিতা বাংলা ডেস্ক / ২৩৩ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

রাশেদ রউফ :
বিমল গুহ (১৯৫২-)। সমকালীন বাংলা কবিতায় একটি বিশিষ্ট নাম। কি বিষয়ে, কি বৈচিত্র্যে, কি আঙ্গিক-বিন্যাসে, কি শব্দ ব্যবহারে, কি উপমায় এমনকি ধ্বনি-অনুরণনেও তাঁর কবিতা সমহিমায় উজ্জ্বল। তিনি তৈরি করে নিয়েছেন তাঁর স্বতন্ত্র পরিমণ্ডল। গড়ে তুলেছেন আলাদা ভুবন। আধুনিক কবিতা নির্মাণে তিনি দেখিয়েছেন তাঁর দক্ষতার ছাপ। ভালোবাসার কবিতায় তিনি যেমন স্বতঃস্ফূর্ত ও সপ্রাণ, তেমনি দ্রোহ ও প্রতিবাদী চেতনায়ও উচ্চকণ্ঠ। জীবনের পরতে পরতে নানা ঘটনা পরম্পরায় ঘাত-প্রতিঘাতে বিমল গুহ পরিবর্তন করেছেন কবিতার আবহ, জানান দিয়েছেন তাঁর বিচিত্র ও সর্বমুখী ভাবনার কথকতা। তাঁর কবিত্বশক্তিই তাঁর মূলধন, তাঁর নিরন্তন পথ চলার সূক্ষ্ম প্রেরণা। তার চিন্তা-শক্তি ও রচনাভঙ্গি গভীরতার পরিণতির দিকে ধাবিত। তিনি বিশিষ্ট তাঁর বক্তব্যে এবং স্বতন্ত্র তার নিজস্ব দৃষ্টি ও সৃষ্টিশক্তিতে। কাব্যরচনায় নিরলস পরিশ্রমের ফসল হিসেবে তিনি যেমন পেয়েছেন অনুরক্তদের অকুণ্ঠ ভালোবাসা, তেমনি অর্জন করেছেন বহু পুরস্কার।
‘আত্মসচেতন ও সমাজসচেতন কবি’ হিসেবে খ্যাতি অর্জনকারী বিমল গুহ আধুনিক কবিতার বিশাল অস্তিত্বের সঙ্গে শুধু সম্পৃক্ত নন, তিনি শিশু-কিশোর কবিতা সহ সাহিত্যের নানা শাখার মুক্তাঙ্গনেও ঘুড়ির মেলা বসিয়েছেন সনিষ্ঠ আন্তরিকতায়। অহংকার, তোমার শব্দ (১৯৮২), সাঁকো পার হলে খোলা পথ (১৯৮৫), স্বপ্নে জ্বলে শর্তহীন ভেতর (১৯৮৬), ভালোবাসার কবিতা (১৯৮৯), নষ্ট মানুষ ও অন্যান্য কবিতা (১৯৯৫), প্রতিবাদী শব্দের মিছিল (২০০০), নির্বাচিত কবিতা (২০০১), প্রত্যেকেই পৃথক বিপ্লবী (২০১৫), বিবরের গান (২০১৫) সহ অনেকগুলো কবিতাগ্রন্থের সাথে সাথে উচ্চারিত হয় আরো ৫টি শিশু কিশোর কবিতার বইয়ের নাম : মেঘ গুড়গুড় বৃষ্টি নামে (২০০০, বাংলাদেশ শিশু একাডেমি, ঢাকা), আগুনের ডিম (২০০১, অরুণি পাবলিকেসন্স, কলকাতা), চড়াই ছানা (২০০২, পলল প্রকাশনী, কলকাতা), সাদা মেঘের ভেলা (২০০৮, শৈলী প্রকাশন, চট্টগ্রাম) এবং টুপুর ও চরকাবুড়ি (২০১৩, শৈলী প্রকাশন, চট্টগ্রাম)।
বিমল গুহ একজন কাব্যসাধক। একজন রুচিশীল, স্নিগ্ধ ব্যক্তিত্বের অধিকারী। আমার অগ্রজ। এবার কবিতায় ‘বাংলা একাডেমি পুরস্কার ২০২১’ প্রাপ্তিতে তাঁকে জানাই অভিনন্দন। আমি তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...