শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

শ্রুতির শুশ্রূষা দাও : মারুফ রায়হান

কবিতা বাংলা ডেস্ক / ১৮৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

বেঁচে থাকা অনর্থক, জীবনের কোনো মানে নেই
তবু তার প্রতীক্ষায় কেটে যায় একটি সকাল
মন বলে তার ওষ্ঠে আছে জীবনের পরমার্থ।
সবুজ উদ্ভিদ আমি ইচ্ছে যার নীলিমাভ্রমণ
যদিও যুগল ডানা নেই, যেখানে দাঁড়িয়ে আছি
তার তলদেশে ছড়িয়েছে শিকল-শিকড়, তবু
হৃদয় আমার যাযাবর ঝরাপাতা, হোক মৃত
চলিষ্ণু মেঘের দিকে ঘুরে ঘুরে তার দিন যায়।
জীবনের কোনো অর্থ হয় না এ-কথা ঠিক, তবু
তাকে ভালোবাসি–এই পথে ক্ষীণ কিছু যুক্তি আসে
জীবনের জল কিংবা প্রাণের রসদ না হলেও
মূলত যা প্রতিপক্ষ অনিবার্য আত্মহননের।
এভাবেই জন্ম নেয় ব্যথাদীর্ণ অতৃপ্ত প্রেমিক
অর্ফিয়ুস নামে যাকে সহজেই ডাকা যেতে পারে
তবু দাবি তার বহুমুখী, চাওয়ার তালিকা দীর্ঘ;
শ্রুতির শুশ্রূষা দাও
দৃষ্টির মুগ্ধতা দাও
মহুয়ার মদ দাও
জীবন বদলে দাও
শ্রাবণ পারে না দিতে বৃষ্টির অধিক কিছু দান
পাথরের সাধ্য নেই রক্তলাল গোলাপ ফোঁটায়
কেবল প্রেমিকই জানে নিজেকে সহস্র রূপ দিতে
এ-কথা মেনেই চাই পুনরুত্থানের পূর্ণ শক্তি।
তারপরও বলি, জীবনের কোনো মানে নেই, তবু
তাকে ভালোবাসি– যার ভিন্ন নাম পৃথিবীতে থাকা।

আপনার মন্তব্য প্রদান করুন...