আমড়া গাছের ঝোঁপের ভিতর মৌমাছিদের বাসা,
মাঝখানে তার প্রকাণ্ড এক চাক রয়েছে খাসা।
তাই না দেখে শেয়াল মশাই মধু খাওয়ার তরে,
সেই পথেতে সকাল বিকাল আনাগোনা করে।
রাত্রি বেলায় মৌমাছি সব ঘুমিয়ে আছে জানা,
একদিন তাই রাতে শেয়াল মৌচাকে দেয় হানা।
যেমনি পরা মৌমাছি সব বেজায় রকম তেড়ে,
উঠল বলে, রাতদুপুরে ঘরের ভেতর কে রে?
চুরি করে মধু খাওয়ার ফলটা দেখাই তবে,
এই না বলে চোর বেচারার পড়ল ঘাড়ে সবে।
হুলের জ্বালায় ঝালাপালা প্রাণটা রাখা ভার,
কাতর হয়ে বলে শেয়াল, ছাড় না রে ভাই ছাড়।
পথ-ভুলে ভাই এসেছিলেম আমড়া গাছের কাছে,
তা না হলে হেথায় আসে–এমন গাধাও আছে?
আপনার মন্তব্য প্রদান করুন...