শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন

একটি পতাকা পেলে : হেলাল হাফিজ

কবিতা বাংলা ডেস্ক / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

কথা ছিল একটি পতাকা পেলে
আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা

কথা ছিল একটি পতাকা পেলে
ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সবিতা মিস্ট্রেস
ব্যর্থ চল্লিশে বসে বলবেন, ‘পেয়েছি, পেয়েছি’।

কথা ছিল একটি পতাকা পেলে
পাতা কুড়োনির মেয়ে শীতের সকালে
ওম নেবে জাতীয় সংগীত শুনে পাতার মর্মরে।

কথা ছিল একটি পতাকা পেলে
ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান
জ্যৈষ্ঠে-বোশেখে,
বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে-ভাতে।

কথা ছিল একটি পতাকা পেলে
আমাদের সব দুঃখ জমা দেব যৌথ-খামারে,
সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ
সকলেই নিয়ে যাব নিজের সংসারে।

আপনার মন্তব্য প্রদান করুন...