আজকাল তুমি নদীর পাশে বসে থাকো–
চুরুটের ধোঁয়ায় আহত বাতাস!
শুনতে পাই
অদ্ভুত মায়ায় এখনও রাত জাগো বকুলের সাথে;
মনে পড়ে–
বকুল আমার ভীষণ প্রিয় ফুল–
মুহুর্তেই নেমে আসে তুমুল নীরবতা!
শুনেছি,
সুযোগ পেলেই হাতে নাও প্রিয় বাঁশের বাঁশি;
মৌনতায় ভাসে বাচাল পৃথিবী
বাউল চুলে বাতাসের ফিসফাস।
মন কাঁদে–
দু’পায়ে রুনঝুন বাধার নূপুর!
যদি মনে পড়ে,
যদি ব্যাকুল তৃষ্ণায় চোখ দুটো গ্রীষ্মের মরু,
যদি বুকের গাঙে ঢেউ তোলে দীর্ঘশ্বাস,
যদি অনুভবে কুয়াশার মতো
কেউটের ফণায় ফেনিল ব্যথা,
জমাট অবসাদ!–
জানালা খুলো,
আকাশে রেখো দৃষ্টির সরল প্রক্ষেপ
আর দেখে নিও প্রাণভরে
সফেদ মেঘের ফাঁকে অভিমানী চাঁদ।
আপনার মন্তব্য প্রদান করুন...