শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন

তিনসত্যি : মন্দাক্রান্তা সেন

কবিতা বাংলা ডেস্ক / ১৮০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন

বিকেল
তোমার কলম থেকে ঝরে পড়ল অজস্র দুপুর
অনেক লিখেছ আজ, এইবার বারান্দায় নামো
বিকেল দাঁড়িয়ে আছে, ওর হাতে ভাঁজভাঙা পথ…
ধুলোমাঠ বিকেলের।
তোমার পায়ের পাতা ভালো…
শিরিষ
প্রাচীন শিরিষ গাছ, সবুজ রেখেছ বহু দূরে
তোমার পিদিমফুল অনাসক্ত, আকাশে তাকানো
ছায়ায় শুয়েছি শুধু, সারাদিন ঘুরেছি রোদ্দুরে
আগে তো বলোনি, গাছ, তুমি এত ভালোবাসতে জানো!
গোপন
সামান্য নিঃশ্বাস দাও, যৎসামান্য বিস্ফারিত পাপ
রাখো দুঃসাহসী ঠোঁটে- সাহস তেমন কিছু নয়
এ কথা গোপন থাকবে, যে গোপনীয়তা মধুময়
মধুর বিষের মতো আকণ্ঠই ভরেছি সন্তাপ…

আপনার মন্তব্য প্রদান করুন...