শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

ফিরে দাঁড়াও ভীরু : মুনা চৌধুরী

কবিতা বাংলা ডেস্ক / ২৭৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

তাদের জন্যে এই বার্তা যারা না বুঝে ভুল বোঝে আমাকে।
আবেগের পিন্ড ভেবোনা, হারাবার কিছু নেই, সব আছে আমাদের!
আব্রু সম্পদের মালিক তোমরা নও!
লজ্জাস্থানে আগুনের শলা ছুঁয়ে পেতে হবে নীতি গেছে উবে।
গুণগুলো মূখ্য করে যৌন স্বার্থের টুঁটি ধরো চেপে।
সাজুনির রুজিরোজগার সেকথা আলাদা,
গোপনে নয়, তা চলুক মাথা উঁচু করে!
তাদের জন্যে যারা সঠিক বার্তা পায়না
সস্তায় বিকোলে কিন্তু একটুকরো রোদ,
এক লাফে ওপরে ওঠে, পড়ে মরে ভূত,
ফিরে পাবে না আর ঐ সোনা রোদ।
ভুল বুঝে যারা গল্প বানিয়ে ফেলে গভীর তল তারা পারেনা ছুঁতে,
কলম আমার ঠিকই ছুটে চলে……
সৃষ্টি হয় ছোট ছোট গল্পের ছায়ায় অগুনিত আমি
রাঘব-বোয়ালদের কারাগারে দামি বাঙালি।
শরীরের ভাঁজে মেলে ধূসর খাবার
সিঁধোলের সাথে পাতে গরম ভাত,
তবেই না জমে ওঠে পরিপাটি আহার।
মুখে কেন কথা নেই তাদের!
কেন শয্যার পর শয্যা ভেতরে!
মুখে কেন কথা নেই ভীরু নায়িকার!
বিনিদ্র বিছানায় না বলা কথার যন্ত্রণা বুঝি অশ্রুতে ঝরে যায়?
জ্ঞান আছে কর্ম নেই, পরিকল্পনা ভেস্তে যায় লেপ্টে থাকা সময়ের দেওয়ালে
মিছিমিছি হারালে যারা অসময়ে বসে ভবে-ভাবে,
যারা সময়ের দাম না দিয়ে উলু বনে মুক্তো দিলে ছড়িয়ে,
কোন্ গুহায় মুখ লুকোলে তারা কোন্ দামে নিজেদের বিকোলে?
চিরতরে যাবার আগেই তারা সঙ্গিবিহীন ঘরে,
উচ্চতা ছোঁবার রক্তাক্ত জখম শরীরে!
কালো ধোঁয়ায় পূর্ণ মগজ শূন্যে ভাসে,
রুদ্ধ কথার যন্ত্রণাভার অশ্রু হয়ে ঝরে,
জীবনের ছন্দ হারিয়ে যায় চেনা-জানা শহরে।
তাদের জন্যে এই কাব্য যারা সঠিক বার্তা পায়না
যারা ভুল করে ভেঙে ফেলে নিজেদের আঙিনা।

আপনার মন্তব্য প্রদান করুন...