শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন

মানুষ মানুষ হলে : মুহম্মদ নূরুল হুদা

কবিতা বাংলা ডেস্ক / ১৪৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

হরমুজ থেকে হিমালয়…
আণবিক
প্রাকৃতিক
এ কেমন
বিকৃতি ও কুকৃতির ভয়?
এ কেমন দুষ্কৃতিতে পর্যুদস্ত
তোমার আমার এই মানবসময়?
মানুষ,
তবে কি সজ্ঞানে
প্রাণে প্রাণে সর্বপ্রাণে
নাই কোনো সহজ নিষ্কৃতি?
কার পাপে কার ভয়ে
এই ক্ষয়, অবক্ষয়, এই পরাজয়?
বটে
অধর্মে অধর্ম আনে, কুকর্মে কুকর্ম;
সে পাপে পর্বত ফোঁসে, পোড়ে স্নায়ু-চর্ম!
দানবিক
আণবিক
পশুশক্তি
অপশক্তি
হিংস্র হিহি
রক্তারক্তি
ধিক্ ওরে ধিক্!
দানবতা
মানবতা নয়,
প্রাণধর্মে সুদীক্ষিত
সর্বপ্রাণ অজেয় অক্ষয়!
মানুষ মানুষ হও,
অন্য কিছু নয়;
মানুষ মানুষ হলে মানুষেরই জয়।।

আপনার মন্তব্য প্রদান করুন...