শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

এস এ শামীম -এর একগুচ্ছ প্রেমের ছড়া

কবিতা বাংলা ডেক্স / ১২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ অপরাহ্ন

এস এ শামীম -এর একগুচ্ছ প্রেমের ছড়া

 কঠিন মায়া

লিখছি তোমায় অলস হাতে
তন্দ্রহারা গভীর রাতে
ঘুমে ছাওয়া ডুবো শহর
তুমি বিহীন কঠিন প্রহর।

প্রেমটা নাকি বিষের বড়ি
মন কুড়ে খায় জনম ভরি
মেঘলাকাশে রোদের ছায়া
হৃদ যোগাযোগ কঠিন মায়া।

সে

মুখে মায়ার মাদকতা
মন কাড়ানো দৃষ্টি
এলোকেশে বাহ্ কি দারুণ
মনের খরায় বৃষ্টি।

কথার মাঝে সোহাগ ঝরে
পুলক জাগায় প্রাণে
হারিয়ে যাওয়ার ইচ্ছে জাগে
মধুর তনু’র ঘ্রাণে।

 

অপরূপা

বিধাতার দেয়া একি অপরূপা
কেড়েছ আমার দৃষ্টি
শত জনমের তৃষিত কাব্যে
তুমি অদ্বিতীয়া সৃষ্টি।

স্বর্গের মাটি অংকিত খাঁচে
দেহের প্রতিটি ভাঁজ
হয়তো বিধাতা তোমাকে গড়ায়
রাখেনি তো হাতে কাজ।

পৃথিবীর যতো সুন্দরতা
রূপে রসে ভরা তুমি
তোমার পরশে যুগ থেকে যুগ
ধন্য হৃদয় ভূমি।

 দেনা পাওনা

প্রশ্ন হবে চোখে চোখে
উত্তরটা ঠোঁটে
জমে থাকা ভালবাসার
সুযোগ যদি জোটে।

চাওয়া পাওয়ার টালি খাতায়
ব্যবধানিক দেনা
বাঁধ না মানা দু’টি মনই
হৃদয় দিয়ে কেনা।

কেনার দাবি’র আদান প্রদান
বাকিতে রয় পড়ে
বুঝেও কেন বন্ধু তুমি
রও যে দূরে সরে!

 মন পিয়াসি

হলদে বরণ দেহ যে তার
গোলাপ রাঙা গাল
আদর মাখা মিষ্টি কথা
ঝগড়াটা বেশ ঝাল।

দুষ্টুমিতে ভীষণ পটু
মন কাড়ানো দৃষ্টি
মন ভরে যায় দেখলে তাকে
আহ্ কি দারুণ সৃষ্টি।

সে যে আমার মন পিয়াসি
ভাবনা জুড়ে রয়
তাইতো মনে ফাগুন হাওয়া
সব ঋতুতেই বয়।

 খোলা চিঠি

তুমি আমার মধ্য রাতের
একটি খোলা চিঠি
নিপুণ ভাবে পড়বো তোমায়
আলোয় মিটি মিটি।

মনোযোগের উষ্ণ হাওয়ায়
যদি প্রদীপ নেভে
ভয় কি তাতে পূর্ণিমা চাঁদ
আলোয় ভরে দেবে।

খোলা চিঠির শব্দ দোলায়
ভরবে যখন প্রাণ
তন্দ্রাময়ী বলবে তুমি
আহ্! ছাড়ো না জান।

আপনার মন্তব্য প্রদান করুন...